ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করায় গৌরনদীতে যুবক গ্রেফতার

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অপরাধে শুক্রবার বরিশালের গৌরনদীতে তাপস মন্ডল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, গৌরনদীর চর শরিকল গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র তাপস মন্ডল ওরফে অর্নব মন্ডল ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় মুসুল্লিদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষুব্ধ মুসুল্লিরা তাপসকে হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের সামনে আটকে রাখে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাপসকে গ্রেফতার করে। এ সময় যে মোবাইল সেটের মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করে মহানবীকে কটাক্ষ করা হয় সেটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় এএসআই কাওসার শেখ বাদি হয়ে গতকাল রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাপসের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।