ছুরিকাঘাতে রাজধানীতে এক চা দোকানির মৃত্যু
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:০৭
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ছুরিকাঘাতে আহত চা দোকানি মো. হাবিবর রহমান হাবিব (২২) মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত হাবিবের ভাই জানান, চলতি মাসের ২৩ তারিখ রাত সাড়ে আটটার দিকে সেগুনবাগিচা ১২তলা ভবনের সামনে স্থানীয় আরমান, মোফিজসহ বেশ কয়েকজন গাড়ির গ্লাস চুরি করছিল। এই চুরির ঘটনা দেখে ফেললে হাবিবকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই একটি মামলা দায়ের করা হয়। এখন সেটাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত হাবিব লালমনিরহাট জেলার কালিগঞ্জের মৃত আবুল কালামের ছেলে।