একরাম হত্যার প্রতিবাদে ফেনী আওয়ামী লীগের সমাবেশ

গতকাল বিকালে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম এর সভাপতিত্বে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একরাম হত্যা মামলার আসামি জাহিদ হোসেন ও মীর হোসেন স্বপনের আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একরাম হত্যা মামলায় শিফন, শিফাত ও সৈকতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে আদালত। সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, যারা প্রকৃত খুনি তারা যে দলেরই হোক না কেন? বা যত বড় পদ পদবীরই হোক না কেন তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। নিজাম হাজারী বলেন, একটি কুচক্রী মহল ফেনীর আওয়ামী লীগকে, ফেনীর উন্নয়নকে ও আমাকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ। পরশুরাম সংবাদদাতা জানান, একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ১১ দিন পর জেলা আওয়ামী লীগ শোকসভা আহবান করায় এবং ওই সভায় হত্যাকারীরা উপস্থিত থাকবে সন্দেহে ফুলগাজী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও একরাম সমর্থরা ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভায় যোগদান করতে যেতে চাইলে তাদের গাড়িগুলো মুন্সিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আটকে রেখে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, বহুল আলোচিত একরাম হত্যা মামলা সিআইডিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন ফেনী জেলা বিএনপির নেতারা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সকালে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তারা এ দাবি জানান।