এয়ারপোর্টে নিজের বিশেষ সুবিধা বাতিলের আহ্বান প্রিয়াঙ্কা গান্ধীর
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:০৮
এয়ারপোর্টে নিজের ও পরিবারের জন্য প্রাপ্ত বিশেষ সুবিধা প্রত্যাহার করার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) বরাবর একটি চিঠি পাঠিয়েছেন সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। এসপিজি ভারতীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে। প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট ভদ্র বর্তমানে ভিআইপিদের তালিকায় আছেন, যার ফলে তারা ভারতের অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় নিরাপত্তা তল্লাশি ছাড়াই চলাচল করতে পারেন।
এনডিটিভি জানিয়েছে, এসপিজি প্রধান দুর্গা প্রাসাদের কাছে পাঠানো একটি চিঠিতে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি ও তার স্বামী বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে এমন সাধারণ পথ ব্যবহার করবেন। চিঠিতে প্রিয়াঙ্কা বলেছেন, যেহেতু সরকার রবার্ট ভদ্রের নাম প্রত্যাহার করার কথা বিবেচনা করছে বলে শুনতে পাচ্ছি তাই আমি আপনাকে জানাতে চাচ্ছি, আমার মনে হচ্ছে, যখন আমরা পুরো পরিবার একসঙ্গে ভ্রমণ করব তখন নিরাপত্তা তল্লাশি ছাড়াই আমি ও আমার সন্তানরা বিমানবন্দরে প্রবেশ করবো ও বের হবো, কিন্তু আমার স্বামী সে সুযোগ পাবেন না, এ বিষয়টি আমার সন্তান বা আমার জন্য সুখকর হবে না।
চিঠিতে প্রিয়াঙ্কা জানান, তিনি ও তার স্বামী যখন একত্রে ভ্রমণ করবেন তখন তার স্বামীকে এই সুবিধা দেয়া হোক এটি তার অনুরোধ নয়, বরং যত দ্রুত সম্ভব তাদের সবার ক্ষেত্রে এই বিশেষ সুবিধা উঠিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছেন তিনি।