স্বাধীনতা অর্জনে মানিক মিয়ার ভূমিকা ছিল অপরিসীম
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:০৮
চট্টগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আয়োজিত সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সাংবাদিক মানিক মিয়া ও তার প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম। মানিক মিয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে জনমত গঠন করে স্বাধীনতার পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেন। মানিক মিয়া ও ইত্তেফাকের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
গতকাল শনিবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণসভা আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। সভার শুরুতে মানিক মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা মুহাম্মদ আশরাফ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হায়দার আলী চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সভাপতি প্রাবন্ধিক আবদুর রহিম, বিশিষ্ট কবিয়াল নুরুল হুদা, চট্টগ্রাম বাস্তবায়ন পরিষদের সভাপতি ডা. ডিকে ঘোষ, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, কবি আসিফ ইকবাল, কবি অমিত চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, রতন ভট্টাচার্য্য প্রমুখ।
এদিকে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রবীণ সমিতির উদ্যোগে এক স্মরণসভা গতকাল শনিবার নগরীর পতেঙ্গা এমএ আজিজ উদ্যানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শফিক আহমদ। আলোচনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আবদুর রহিম, যুগ্ম আহবায়ক আবদুল খালেক চৌধুরী, এম এনামুল হক চৌধুরী, শেখ মানিক, ইছহাক মিয়া, আজহার মিয়া, এসএম আবু তাহের, মাহবুবুল আলম, লোকমান চৌধুরী, মোহাম্মদ আলী, ওমর ফারুক, মোহাম্মদ ইলিয়াস, আবু তাহের প্রমুখ।
আলোচকগণ বলেন, মানিক মিয়া পাকিস্তানীদের শোষণ, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে তার শক্তিশালী কলমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। তিনি ছদ্মনামে জুলুমের বিরুদ্ধে লিখতেন। বাঙালির বাঁচার দাবি ৬ দফা বাস্তবায়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড পত্রিকার মাধ্যমে প্রচার করে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠন করতেন। মানিক মিয়া আপোষহীন, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক রাজনীতির অনুসারী ছিলেন। তার আদর্শ অনুসরণ করে তরুণরা এগিয়ে গেলে দেশ ও জাতি উপকৃত হবে।