মতিঝিলে ঠিকাদার খুনে গ্রেফতার নেই মামলা দায়ের

মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার হাজী মোহাম্মদ সুলতান আহমেদ হত্যাকাণ্ডের ঘটনার ৩৫ ঘণ্টা পর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে কাফরুলে যুবলীগ কর্মী মিজানুর রহমান খুনের ঘটনাতেও গ্রেফতার নেই। সুলতান আহমেদ খুনের ঘটনায় শুক্রবার রাতে মামলা মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত সুলতান আহমেদের অফিস স্টাফ ও চাচাতো ভাই ফরিদ হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই হেলালউদ্দিন বলেন, গতকাল তিনি নিহত সুলতান আহমেদের অফিস স্টাফ ও স্বজনদের সঙ্গে কথা বলেছেন। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে বলার মত কোন অবস্থায় পৌছানো যায়নি। আশাকরি খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। কাফরুলে যুবলীগ কর্মী মিজান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, আসামি গ্রেফতার হয়নি। তবে দু’এক দিনের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে। মতিঝিলে আরামবাগ কালভার্ট রোড এলাকায় বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পানি উন্নয়ন বোর্ডের ঠিকারদার হাজী মোহাম্মদ সুলতান আহমেদ (৪২)। অপরদিকে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে ভোরে উদ্ধার করা হয় যুবলীগ কর্মী ও চা দোকানী মিজানুর রহমানের (২৬) গলাকাটা লাশ।