গল্প নয় সত্যি

ক্ষমা চাওয়ার অভিনব পন্থা

কারণে হোক কিংবা অকারণে, প্রিয়জনের সাথে ভুল কোনো আচরণ করে ফেলার পর অনেকেই হয়তো অনুতপ্ত হন। সেই সাথে প্রিয়জনের সাথে ক্ষমা চাইতেও পিছপা হন না অনেকে। তবে সম্প্রতি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের এক ব্যক্তি যেভাবে তার প্রিয় মানুষের কাছে ক্ষমা চাওয়ার কাজটি করেছেন সেটি গোটা দুনিয়ার অনেকের মাঝেই আলোচনার জন্ম দিয়েছে। ড্যানিয়েল নামের এই ব্যক্তি একটি বোর্ডে তার দুঃখ প্রকাশের বার্তাটি লিখে রীতিমতো নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে প্রায় ঘণ্টাখানেক শহরের একটি ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। আর এই কাজটি করার জন্য তিনি শহরের এমন একটি সড়কই বেছে নিয়েছিলেন যে সড়ক ধরে তার প্রিয়তমা লিন্ডসের সেই সময় যাবার কথা ছিল। শেষতক তার এই ক্ষমা চাওয়ায় লিন্ডসের মন গলেছে কি না তা এখনও জানা যায়নি। তবে লিন্ডসে যে তার অভিনব কায়দায় প্রচার করা এই বার্তাটি দেখেছেন সেটা খোদ ড্যানিয়েলই নিশ্চিত করেছেন। ড্যানিয়েল জানিয়েছেন, গেল শুক্রবার সকাল ৭:১৫ মিনিটে গাড়ির ওপর দাঁড়িয়ে এই দুঃখবার্তা প্রচার শুরুর আধ ঘণ্টার মাঝেই লিন্ডসে ওই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তার কানে ফোন থাকলেও তিনি নিশ্চিতভাবেই বার্তাটি লক্ষ করেছেন বলে দাবি করেছেন ড্যানিয়েল। এ ছাড়া তার অভিব্যক্তি দেখে ড্যানিয়েলের এটাও মনে হয়েছে যে লিন্ডসে হয়তো তার এই পাগলামী দেখে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটিকে ‘ও মাই গড’ বলেই বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে ড্যানিয়েলের হাতে ধরে থাকা ‘লিন্ডসে আমি দুঃখিত মিথ্যা বলার জন্য আমাকে ক্ষমা করে দাও’ বার্তাটি যে শুধু তার প্রিয় মানুষটিরই চোখে পড়েছে তা নয়। বরং এটি দেখে ও তার এই বার্তার ছবি তুলে সামাজিক যোগাযোগের সাইটে পোস্ট দিয়েছেন শহরের অনেক ব্যস্ত অফিস যাত্রীও। সবমিলিয়ে নিজের মহানুভবতা দিয়ে না হোক, অন্যদের চাপের কারণে হলেও হয়তো ড্যানিয়েলকে ক্ষমা করে দিতে বাধ্য হবেন লিন্ডসে।