মোদীর মন্ত্রিসভায় ২৫ শতাংশ নারী

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রায় ২৫ শতাংশ নারী। কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ছয় নারী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিত্ব পাওয়া নারীদের মধ্যে রয়েছেন সুষমা স্বরাজ, মানেকা গান্ধী, নাজমা হেপতুল্লাহ, হরসিমরত কর বাদল, উমা ভারতী ও স্মৃতি ইরানি। তবে কেন্দ্রে মন্ত্রী হিসেবে অনেক নারীমুখ দেখা গেলেও তা একদমই কমে গেছে প্রতিমন্ত্রীর ক্ষেত্রে। নারী হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেবল একজনই- নির্মলা সীতারমণ। শপথ নেয়ার আগের রাতে মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা না হলেও সুষমা স্বরাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছিল। আর সেই গুঞ্জন সত্যি করেই ইন্দিরা গান্ধীর পর প্রথম নারী হিসেবে মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটির দায়িত্ব পেলেন সুষমা স্বরাজ। স্মৃতি ইরানি পেয়েছেন মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, মানেকা গান্ধী পেয়েছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, হরসিমরত কর বাদল পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়, নাজমা হেপতুল্লাহ পেয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং উমা ভারতী পেয়েছেন পানিসম্পদ ও গঙ্গা শোধন মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ।