এ গি য়ে যা ও য়া না রী

সিডিউল ম্যানেজ করে কাজ করি

বাংলাদেশে নারীরা নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সব ক্ষেত্রে তারা সাফল্যের সাথে কাজ করে চলেছে। এর মধ্যে গণমাধ্যমগুলোতে নারীদের সাফল্য চোখে পড়ার মত। এদের মধ্যে একজন সফল নারী যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করছেন তিনি নূজহাত আফরিন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল এশিয়ানের সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে কর্মরত আছেন। গল্পটার শুরু ২০০৮ সালের অক্টোবরের দিকে রিপোর্টার হিসাবে নিউজ এন্ড ইমেজ নামের একটি ইংরেজি সংবাদপত্র দিয়ে তারপর ২০০৯-এ দেশ টিভি, ২০১২ তে আরটিভি আর বর্তমানে তিনি এশিয়ানের সিনিয়র প্রেজেন্টারের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হিসাবে কাজ করছেন। শুধু নিউজ প্রজেটিং নয় সাথে আরো নানা কাজের অভিজ্ঞতা আছে তার। বর্তমানে তিনি এশিয়ান টিভিতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি নতুন অনুষ্ঠান এশিয়ান স্পোর্টস থার্টির উপস্থাপক হিসাবে কাজ করছেন। এটা একটা নতুন মাত্রার কাজ যেটা সে দারুণভাবে উপভোগ করছে। এমন সব নতুন কাজের অভিজ্ঞতা উপভোগ করার ব্যাপারটা আলাদা। এবারই তিনি প্রথম কোনো স্পোর্টস উপস্থাপক হিসাবে কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি করছেন শিক্ষকতা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি বিভাগে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত। এর আগে তিনি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দুই পেশায় দারুণ সাফল্যের সাথে কাজ করছেন তিনি। দুই পেশা একসাথে কেমনভাবে সামলান তা জানতে চাইলে তিনি বলেন, দুটো পেশাকেই আমি উপভোগ করি। শিক্ষকতা করার ইচ্ছা সেই বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্যই এ পেশাকে আমি ধারণ করি। বিশ্ববিদ্যালয় জীবনে জড়িত ছিলাম নানা সংগঠনে। নাটক, অভিনয়, আবৃত্তি ও বিতর্ক, মুক্তিমঞ্চ ইত্যাদিতে জড়িত ছিলেন তিনি। কেন এই পেশায় আসা এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভাল লাগা থেকে সাংবাদিকতা পেশায় আসা। সাংবাদিকতা হলো একটি দ্বায়বদ্ধতার জায়গা। এখানে পুরো দেশের মানুষের কাছে দ্বায়বদ্ধ হয়ে কাজ করতে হয়। আমার কাজের ক্ষেত্রটাকে আমি দ্বায়বদ্ধতা ভেবে কাজ করি। যারা এ পেশায় আসতে চান বিশেষ করে নারীরা তাদেরকে বলব, জেনে-শুনে-বুঝে দক্ষ হয়ে আসেন।