পোশাক ও পাট শিল্পের নতুন বাজার হবে জাপান
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২০:১২
তৈরি পোশাক ও পাট শিল্পের নতুন বাজার হচ্ছে জাপান। সম্প্রতি জাপানে তৈরি পোশাক শিল্পের রপ্তানি ক্রমেই বাড়ছে। আগামীতে তা আরো বাড়বে। এ ছাড়াও জাপান সিনথেটিক ফাইবারের পরিবর্তে পাটের ফাইবারের দিকে যাচ্ছে। এ জন্য আগামীতে জাপানে পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধি দলের জাপান সফরের উপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এসব কথা বলেন। রাজধানীর এফবিসিসিআই ভবনে গতকাল এ সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র পরিচালকরা ছাড়াও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, এবারের সফরে জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বড় বড় অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। তারা রেল, সড়ক ও যমুনার তলদেশ দিয়ে একটি ট্যানেল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে।