কাউখালী নৌচলাচল পূর্বাভাস কেন্দ্রটি চালু হবে কবে?

পিরোজপুর জেলার বাসিন্দাদের প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। সময়মতো সর্তক সংর্কেত পেলে উপকূলীয়বাসীর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। কমে আসতো নৌদুর্ঘটনা। কাউখালী সন্ধ্যানদীর তীরে আবহাওয়া অধিদপ্তরের অধীনস্ত নৌচলাচল পূর্বাভাসকেন্দ্রটির অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও আজও সেটি চালু করা হয়নি। জনবল ও যন্ত্রপাতির অভাবে কেন্দ্রটি চালু করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী অত্যাধুনিক এই আবহাওয়া অফিস চালু করা গেলে এখান থেকেই ঘূর্ণিঝড়ের নৌ সর্তকভাতা দেওয়া সম্ভব হবে। এখন নৌ সর্তকভাতা দেওয়া হয় ঢাকার আবহাওয়া অফিস থেকে। কাউখালী আবহাওয়া অফিস চালু হলে ঢাকার ওপর নির্ভর করতে হবে না দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলকে। আমাদের এ উপকূলীয় জেলার মানুষকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তাই যত দ্রুত সম্ভব কাউখালী নৌচলাচল পূর্বাভাসকেন্দ্রটি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আবদুল লতিফ খসরু, কাউখালী, পিরোজপুর