গজারিয়ায় বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষ
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:০৮
রবিবার সকালে গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে বাস, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐ দুর্ঘটনার পর মহাসড়কটিতে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী বিআরটিসি যাত্রীবোঝাই বাস, ঢাকাগামী গ্লোবাল কোম্পানির একটি কাভার্ড ভ্যান ও কাভার্ড ভ্যানের পেছনে থাকা চিশতিয়া মা ও শিশু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৫ জনসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।
এ ত্রিমুখী সংঘর্ষের ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া যানগুলো রাস্তার ওপরে ছিটকে পড়ে থাকায় এতে সকাল ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মেঘনা ব্রীজের অপর প্রান্ত দাউদকান্দি, সোনারগাঁও ও গজারিয়ায় ২০ কিমি. এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে সড়ক ও জনপথের রেকার দুমড়ে-মুচড়ে যাওয়া বাস, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগরে এক রাতে ১৪ বাড়িতে ডাকাতি
শনিবার রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া, কুকুটিয়া ও হাসাড়াঁ ইউনিয়নের চারটি গ্রামের ১৪টি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল একের পর এক ডাকাতি করে প্রায় পঞ্চাশ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ প্রায় পঁয়তাল্লি¬শ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এর আগে গত এক সপ্তাহে আরো নয় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটপাড়া ইউনিয়নেই হয়েছে পনের বাড়িতে ডাকাতি। ডাকাত দল ঐ ইউনিয়নের চার বাড়িতে আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবেশ করেছে বলে বাড়ির মালিকরা অভিযোগ করেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই আরফান কতটি বাড়িতে ডাকাতি হয়েছে না বলতে পারলেও তিনি আটপাড়া, কুকুটিয়া ও হাসাড়াঁ ইউনিয়নে ডাকাতি হয়েছে বলে নিশ্চিত করেন।