পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ার আহ্বান

বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও উত্সবমুখর পরিবেশে রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নগর পরিকল্পনা দিবস উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাসযোগ্য বাংলাদেশের জন্য নগর পরিকল্পনা’। এ উপলক্ষে ‘পরিকল্পিত চট্টগ্রাম ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক। চুয়েটের ইউআরপি’র বিভাগীয় প্রধান সুলতান মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এতে বক্তারা বলেন, পরিকল্পিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই ও আধুনিক পরিকল্পনা তৈরি জরুরি। দুর্যোগপূর্ণ বাংলাদেশে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করতে পরিকল্পনাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চুয়েটের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ থেকে মানসম্পন্ন পরিকল্পনাবিদ তৈরির জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। এর সুফল জাতি পাবে। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আখতার মাহমুদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী ও পরিকল্পনাবিদ এম আলী আশরাফ, চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. মো. হযরত আলী ও ‘ইউআরপি ডে-২০১৪’ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল ইউআরপি’র প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায়, স্মৃতিচারণ পর্ব, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ইত্যাদি। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী পরিকল্পনাবিদ এম আলী আশরাফ।