চুয়াডাঙ্গায় বিচারক
শূন্য তিন আদালত
আজাদ মালিথাচুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:২০
চুয়াডাঙ্গা জেলার ৪টি সহকারী জজ আদালতের মধ্যে ৩টিতে বিচারক নেই। এর মধ্যে ১টিতে টানা ১৪ বছর এবং অপর ২টিতে প্রায় ৭ মাস যাবত্ বিচারক নেই। ফলে, বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আদালত গুলোতে পেন্ডিং মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০৬টিতে।
চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে জীবননগর সহকারী জজ আদালত ব্যতীত জেলার অন্য ৩টি উপজেলা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা সহকারী জজ আদালতে কোনো বিচারক নেই। ভিন্ন ভিন্নভাবে চুয়াডাঙ্গা সদর সহকারী জজ আদালতের বিচারক আব্দুল হালিম গত ৩ নভেম্বর ও আলমডাঙ্গা সহকারী জজ আদালতের বিচারক সানাউল্লাহ গত ১৭ নভেম্বর বদলিজনিত কর্মস্থল ত্যাগ করলে আদালত ২টির বিচারক পদ শূন্য হয়। প্রায় ৭ মাস যাবত্ বিচারক শূন্য এই আদালত ২টিতে আজ অবধি কোনো বিচারকের পোস্টিং হয়নি।
দামুড়হুদা সহকারী জজ আদালতের বিচারক সন্তোষ কুমার সাহার সাসপেন্ডজনিত কারণে ২০০০ সালে এই আদালতটির বিচারক পদ শূন্য হয়। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিজ্ঞ ২জন যুগ্ম-জেলা জজ অতিরিক্ত দায়িত্ব হিসেবে উল্লেখিত বিচারক শূন্য সহকারী জজ আদালত ৩টির স্বাভাবিক কার্যক্রম দেখভাল করছেন কোনো রকমে।