গৌরনদীতে ছাত্র নির্যাতনের দায়ে শিক্ষক বরখাস্ত

দু’মাদ্রাসা ছাত্রকে অমানুষিক নির্যাতনের পর বেঁধে রাখার ঘটনায় বরিশালে গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ হাফিজিয়া মাদ্রাসার এক সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দশদিন মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। জানা গেছে, মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহকে তার সহপাঠী নেছার উদ্দিন ও হাবিবউল্লাহ গত শুক্রবার রাতে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস বেপারী শনিবার দুপুরে শিক্ষার্থী নেছার উদ্দিন ও হাবিবউল্লাহকে অমানুষিক নির্যাতন করে মাদ্রাসার মধ্যে বেঁধে রাখে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ নেছার উদ্দিন ও হাবিবউল্লাহকে উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে স্থানীয়রা হামলা চালিয়ে সহকারী শিক্ষক ইলিয়াস বেপারীকে বেধম মারধর করে।