বিশ্বকাপ উন্মাদনা এ দেশেও

ব্রাজিল বিশ্বকাপ ফুটবল আনন্দের স্রোত হাজার হাজার মাইল ছাড়িয়ে বাংলাদেশেও আসছে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়েছে ইতিমধ্যে। রাজধানীর আকাশে এখন শোভা পাচ্ছে বিশ্ব ফুটবলের শক্তিধর দেশগুলোর পতাকা। কাওরান বাজার সুপার হোটেলের উপরে উড়ছে ব্রাজিলের পতাকা। গ্রিনরোডের একটি সুরম্য ভবনের উপরে উড়ছে ইটালির পতাকা। শুধু উঁচু ভবনগুলোতেই নয়। একই সাথে অন্যসব বাড়ির ছাদেও উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ প্রিয় দলের পতাকা। বিশ্বকাপের দিন ঘনিয়ে আসছে আর পতাকা বিক্রিও বেড়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি হচ্ছে বিভিন্ন দলের পাতাকা। ভাষানটেকের এক বাড়ির খোলা জায়গায় আর্জেন্টিনার বিরাট পতাকা উড়ানো হয়েছে গত শুক্রবার বিকালে। এসবই বলে দেয় ফুটবল উত্তেজনা চেপে বসছে রাজধানীতে। উত্তর কাফরুলের বাসিন্দা মান্নান চৌধুরী মেসির ভক্ত। রাত জেগে খেলা দেখতে ভুল করেন না। টেলিভিশনের শব্দে সমস্যা হয় ঘুমন্ত স্ত্রী রুবিনা চৌধুরীর। এজন্য কটূ কথা শুনতেও হয় তাকে। তারপরও খেলা দেখা থেকে বঞ্চিত হতে নারাজ আর্জেন্টিনার এই ভক্ত। আগে ছিলেন ইটালির ভক্ত। এখন বদলালেন কেন? মান্নান চৌধুরী বলেন, ‘পাওলো রসির কারণে ইটালির খেলা দেখতাম। রসি নেই। আমিও ইটালি ছেড়ে দিয়েছি। ম্যারাডোনার কারণে আমি এখন আর্জেন্টিনার সমর্থক।’ দেশে মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই সবচেয়ে বেশি। ব্রাজিলের নেইমারের সমর্থকও দেশে অগুনতি। জাতীয় দলের স্ট্রাইকার তকলিস আহমেদ নেইমারকে বলেন, উনি আমার বস। আমি নেইমারকে অনুসরণ করি।’ তকলিসের সাথে দেখা হলেই সাংবাদিকের কাছে অনুরোধ করে তকলিস বলেন, ভাই আমার সম্পর্কে একটু লিখবেন।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ব্রাজিলের সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ। আমি তো ভাই ব্রাজিলের সমর্থক।’ আমিনুল, তকলিসের মতো লাখো সমর্থক আছে বাংলাদেশের ঘরে ঘরে। তারা সেই প্রিয় দলের জার্সি কিনছেন। আর মেসির আর্জেন্টিনার জার্সিও ভালো বিক্রি হচ্ছে বলে কাল জানিয়েছেন একজন দোকানি। রাজধানীর মত বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে সারা দেশেই।