ফেনী মডেল থানার ৬ এসআইসহ ২০ কনস্টেবল বদলি
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২৩:০৯
একরাম হত্যার ঘটনায় ফেনীর পুলিশ প্রশাসন নিয়ে একরাম সমর্থকদের ব্যাপক সমালোচনা ও দাবির পর ফেনীর মডেল থানার ৬ এসআই, ১ এএসআই ও ২০ কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক গতকাল রবিবার এ খবর নিশ্চিত করেন।
বদলিকৃত এসআইরা হচ্ছেন—আলমগীর (পরশুরাম থানা), এরশাদ (ফুলগাজী থানা), ফারুক ইসলাম (ফুলগাজী থানা), গোলাম হাক্কানী (ছাগলনাইয়া থানা), মেজবাহ উদ্দিন (সোনাগাজী থানা), জোবায়দা নাহার (সোনাগাজী থানা)। উল্লেখ্য, গত ২৫ মে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় একরাম হত্যার ঘটনার সময় ঘটনাস্থলের কাছে অস্ত্রসহ এসআই আমিনুল ও ৪ পুলিশ হত্যাকাণ্ডটি ‘রহস্যজনক’ভাবে প্রত্যক্ষ করা বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পর গতকাল হঠাত্ করেই ফেনীর পুলিশ প্রশাসনে বদলির হিড়িক শুরু হয়েছে। পুলিশ প্রশাসন বদলি সংক্রান্ত এ ঘটনাকে ‘রুটিনওয়ার্ক’ বললেও ফেনীতে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো।
একরাম হত্যা মামলার ১ আসামি গ্রেফতার
একরাম হত্যা মামলায় অভিযুক্ত আশরাফুল ইসলাম নয়ন (১৮) নামে এক আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ফেনী শহরের বিরঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত জাহিদুজ্জামান জাহিদ মিয়াকে ৩ দিন, আবদুল্লাহ হিল মাহমুদ ৫ দিন এবং মীর হোসেনের ৫ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
ফুলগাজীতে হরতাল আজ
পরশুরাম (ফেনী) সংবাদদাতা: জেলায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে উপজেলা আওয়ামী লীগ। এদিকে একরাম হত্যার ঘটনায় তার সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল হরতালের সমর্থনে মিছিল, গণস্বাক্ষর সংগ্রহ এবং উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়।