চার দিনেই ভারতের পিএমও ফেসবুক পেজে ১২ লাখ লাইক

ভারতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কাজ শুরু করার চারদিনের মাথায় অফিসের ফেসবুক লাইকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ। এইভাবে বাড়তে থাকলে এই সংখ্যা হয়তো হোয়াইট হাউজের সমপরিমাণ পর্যায়ে চলে যেতে পারে। হোয়াইট হাউজের ফেসবুকের লাইকের সংখ্যা ২১ লাখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। ইন্টারনেটে মানুষের সঙ্গে যোগাযোগ করতে তিনি ফেসবুক এবং টুইটার ব্যবহার করে থাকেন। তিনি তার মন্ত্রীসভার সদস্যদেরও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশ দিয়েছেন। টুইটারে মোদীর ব্যক্তিগত অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ৪৬ লাখ এবং ফেসবুকে আছে ১ কোটি ৬০ লাখ। প্রধানমন্ত্রী অফিসের টুইটারে লাইক সংখ্যা ১৪ লাখ। গতকাল রবিবার অফিসের এক টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়। ভারত এবং দক্ষিণ এশিয়ার ফেসবুকের অন্যতম পরিচালক আঁখি দাস জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী গোপনীয়তার সমাপ্তি টানতে যাচ্ছেন। তিনি দায়বদ্ধতার সংস্কৃতিকে উত্সাহ দিচ্ছেন।