উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাত তাড়ালেন নানা-নানী

বয়স হলে না কি মানুষের বুদ্ধি লোপ পায়। তারা না কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন না। কিন্তু মানুষের সেই ধারণা মিথ্যা প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের নানা-নানীর বয়সী এক দম্পতি। চোর তাড়াতে ব্যবহার করলেন উপস্থিত বুদ্ধি! জিম এবং বেটি লিলজা সবেমাত্র ওয়াশিংটন ডিসির বাড়িতে ফিরেছেন। সঙ্গে ছিল ৫শত ডলার। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এক দুর্বৃত্ত ঘরের ভেতরে প্রবেশ করে। ওই যুবক লাফ দিয়ে জিমের হাত ধরে। চোরটি বলল, আপনার কাছে থাকা অর্থ আমি চাই। না দিলে গুলি করবো। জিম উত্তরে জানালেন, আমার বয়স ৮৫ বছর। আমাকে গুলি করলে কোনো সমস্যা নেই। এরপর চোর বলল, আমি আপনাদের সব অর্থ চাই। তখন বেটি লিলজা বলে উঠলেন কিসের অর্থ এবং কোন অর্থ? চোর ধারণা করলো তাহলে অর্থ হয়তো লিলজার কাছে আছে। জিম জানান, এরপর সে রান্না ঘর এবং বেডরুম তছনছ করতে লাগলো। এর মধ্যে মাথায় বুদ্ধি এলো। আমরা দুজন বাইরে গেলাম এবং জোরে জোরে গাড়ির অ্যালার্ম বাজাতে শুরু করলাম। চোরটি ভয়ে দৌঁড়ে পালালো। বয়স বাড়লে বুদ্ধি কমে না, বরং বয়স বাড়লে বুদ্ধিও বাড়ে! -ইউপিআই