সংসদীয় কমিটির সাথে বন্দর ব্যবহারকারীদের মতবিনিময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রম অচিরেই শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরোত্তম)। দীর্ঘদিন ধরে অব্যবহূত অবস্থায় পড়ে থাকা এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্বভার বিদেশিদের হাতে তুলে না দিয়ে দেশীয় অপারেটরদের অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ বিষয়ে আহ্বানকৃত দরপত্রের শর্তাবলী ও ইতিপূর্বে দায়ের করা মামলার কাগজপত্র যাচাই-বাছাই করে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। গতকাল রবিবার চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের সাথে এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সংবাদকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। সভায় চট্টগ্রাম বন্দরের চলমান বিভিন্ন সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয় বলে বিভিন্ন সূত্র জানায়। এর আগে সংসদীয় প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। সভাশেষে বন্দরের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রফিকুল ইসলাম। ইকুইপমেন্ট ক্রয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ ও সুপারিশসমূহ বিস্তারিতভাবে লিখিত আকারে জানানোর জন্য বন্দর ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। আগামী ২/৩ মাসের মধ্যে এনসিটি সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি। বন্দর ব্যবহারকারীরা কর্ণফুলী চ্যানেলের প্রবেশ পথে জাহাজ জটের সমস্যা এড়াতে ‘কাট অফ টাইম’ ফ্রি করে দেয়ার সুপারিশ করেন।