হামাস-ফাতাহ মন্ত্রিসভা সমর্থন না দিতে নেতানিয়াহুর আহ্বান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস-ফাতাহ নিয়ে গঠন হতে যাওয়া ফিলিস্তিনের মন্ত্রিসভাকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে নতুন এই অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি না দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহবান জানিয়েছেন। রবিবার তিনি বলেন, এ ধরনের মন্ত্রিসভা পক্ষান্তরে সন্ত্রাসবাদকেই শক্তিশালী করবে। এদিকে ফিলিস্তিনের দু’টি রকেট হামলার জবাবে গাজা উপত্যকা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে অভিযান চালিয়েছে ইসরাইল। নেতানিয়াহু বলেন, হামাস-ফাতাহ ঐক্য মন্ত্রিসভাকে আমরা কোনভাবেই সমর্থন করতে পারি না। গতকাল সোমবার এই মন্ত্রিসভা গঠিত হওয়ার কথা। ফিলিস্তিনি নেতৃবৃন্দ ইসরাইলের হুমকির পাল্টা জবাবে বলেছেন, কোন রাজনৈতিক বক্তব্যের কাছে মাথা নত না করেই তারা নতুন মন্ত্রিসভা গঠন করবেন। সেই ২০০৭ সাল থেকে হামাস-ফাতাহর মধ্যে সংঘর্ষ চলে আসছে। কিন্তু ব্যতিক্রমীভাবে গত এপ্রিলে তাদের মধ্যে একটা ঐক্য চুক্তি প্রতিষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় তখন ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা ভেঙ্গে যায়। ইসরাইলের তরফ থেকে সেসময়ে বলা হয়, হামাস-ফাতাহ চুক্তির কারণে তারা এ আলোচনা থেকে ফিরে আসছে। আর এর দায়ভার ফিলিস্তিনকেই নিতে হবে। এদিকে ফিলিস্তিনীদের দু’টি রকেট হামলার জবাবে গাজা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে অভিযান চালিয়েছে ইসরাইল।