দুটি নতুন ছবিতে পিয়া!
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:২২
‘চোরাবালি’র পর পিয়ার শুধু ছবি ‘আসছে’ ‘আসবে’ এই ঘোষণাই শোনা যাচ্ছে। তবে এবারে একসঙ্গে নতুন দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমন ও পিয়া। একটির নাম ‘প্রথম দেখা’। এটি পরিচালনা করবেন আহমেদ আলী মন্ডল। অন্যটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এগুলোর কাজ শুরু হবে খুব শিগগিরই। এবারই প্রথম ইমন ও পিয়াকে একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। পিয়া জানান, ‘দুটি ছবিরই কাহিনী আলাদা। একটির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়। অন্য ছবি সম্পর্কে বিস্তারিত জানাব মহরতের পর।’ র্যাম্প মডেল থেকে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় পিয়ার। এরপর আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’, রিকিয়া মাসুদোর ‘স্টোরি অব সামারা’ এবং আহমেদ আলী মন্ডলের পরিচালনায় ‘প্রবাসী প্রেম’ ছবি তিনটিতে অভিনয় করেন তিনি। অন্যদিকে ইমনের হাতে এখন এক ডজন ছবি। এ তালিকায় উল্লেখযোগ্য চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’, স্বপন আহমেদের ‘পরবাসিনী’, মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ প্রভৃতি।