প্রাতিষ্ঠানিক পতাকা ব্যবহারের বিষয়ে হাইকোর্টে রিট
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:৪৪
আজ শুনানি
সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিধিবদ্ধ সংস্থা ছাড়া অন্যদের গাড়িতে প্রাতিষ্ঠানিক পতাকা ব্যবহার নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চে সোমবার আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।
আইনজীবী কামাল হোসেন মিয়াজি ও মো. শামসুল ইসলামের পক্ষে ব্যারিস্টার হাসান এমএস আজিম গতকাল এই রিট দায়ের করেন।
আবেদনে বলা হয়, গাড়িতে পতাকা বহন একটি বিশেষ সম্মান। যে কেউ এই সম্মান পেতে পারেন না। গাড়িতে পতাকার বিষয়ে বিধান পতাকা বিধিতেই থাকা উচিত। কিন্তু বাংলাদেশ পতাকা বিধি-১৯৭২’তে প্রাতিষ্ঠানিক পতাকা ব্যবহারের বিষয়ে কিছু বলা হয়নি। এতে আরো বলা হয়, বিধি প্রণয়নের নিজস্ব ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট বিধান করেছে, ফলে বিচারকরা গাড়িতে সুপ্রিম কোর্টের পতাকা ব্যবহার করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে, দুদক আইনে পতাকার বিষয়ে কিছু বলা হয়নি। তারপরও দুদক চেয়ারম্যান বা কমিশনাররা তা ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ব্যবহার করেন।
রিটে সাংবিধানিক ও বিধিবদ্ধ দপ্তরের কর্তৃপক্ষ ছাড়া অন্যদের প্রাতিষ্ঠানিক পতাকার ব্যবহার বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা সৃষ্টি করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনাও চাওয়া হয়। এছাড়া গাড়িতে প্রাতিষ্ঠানিক পতাকা ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ পতাকা বিধি-১৯৭২’এ বিধান যুক্ত করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।