বাংলাদেশ-আমেরিকা বিমান বাহিনীর যৌথ চিকিত্সা ক্যাম্প
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২২:১২
রংপুরে বাংলাদেশ বিমান বাহিনী ও আমেরিকা প্যাসিফিক বিমান বাহিনীর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিত্সা সেবা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার কাউনিয়া উপজেলার টেপামধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘অপারেশন প্যাকঅ্যাঞ্জেল’ নামের চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার মাহবুব আহমেদ জাকারিয়া, এএফ ডাব্লিউ সি, পিএসসি।
প্রথমবারের মত বাংলাদেশ ও আমেরিকা বিমান বাহিনীর আড়াইশ’জনের বিশেষজ্ঞ চিকিত্সক দল রংপুরের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৬শ’ দুস্থ রোগীকে বিনামূল্যে উন্নত চিকিত্সাসেবা, ওষুধসহ সহায়ক সামগ্রী প্রদান করছে। বাংলাদেশের পক্ষে এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনীর ডেপুটি ডাইরেক্টর (অপারেশন) উইং কমান্ডার এমডি আবু রায়হান পিএসসি ও আমেরিকা প্যাসিফিক বিমান বাহিনীর পক্ষে লেঃ কর্নেল অ্যালোনা। ৫ দিনের চিকিত্সা ক্যাম্পে ৫ হাজার দুস্থ রোগীকে উন্নতমানের চিকিত্সাসেবা ওষুধসহ সহায়ক সামগ্রী প্রদানের টার্গেট নেয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর ১১৩ জন ও আমেরিকার বিভিন্ন পদবির ৬০ জন সদস্য সরাসরি এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।