ফেসবুকে ফ্রেন্ড করে চোর ধরা!
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২৩:১৫
ছিনতাইকারী বেচারার ভাগ্য খারাপ! নাহলে যে মেয়েটির ব্যাগ ছিনতাই করেছিল তাকে কিনা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফেসবুকে বন্ধু হয়ে তাকে ধরা পড়তে হলো এবং শেষ ঠিকানা হলো কারাগার।
ঘটনাট ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ছিনতাইকারীর নাম রিলি মুলিন্স। কয়েকদিন আগে একটি ফেরি টার্মিনালে সে ন্যান্সি নামের এক তরুণীর উপর হামলা চালায় এবং তার ব্যাগ ছিনতাই করে পালায়। ব্যাগে আইপড, আইডি কার্ড, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিল। ন্যান্সির আইডি কার্ড থেকে নাম নিয়ে মুলিন্স ফেসবুকে সার্চ দেয়। সেখানে তাকে পেয়ে যায়। সুন্দরী ন্যান্সির সঙ্গে বন্ধুত্ব করার লোভ সে সামলাতে পারে না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ন্যান্সি রিকোয়েস্ট গ্রহণ করে। সম্প্রতি মুলিন্সের আপলোড করা একটি ছবির একটি ট্যাটু দেখে তার সন্দেহ হয়। কারণ ছিনতাই করার সময় এই ট্যাটু তার নজরে এসেছিল। ন্যান্সি পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করার পর সে ছিনতাইয়ের কথা স্বীকার করে। -আইএএনএস