দক্ষিণাঞ্চলের পাঁচ রুটে বাস চলাচল বন্ধ

বাস চালককে মারধর করায় দক্ষিণাঞ্চলের বরিশাল-পটুয়াখালীসহ পাঁচ রুটে বাস চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখে শ্রমিকরা। যাত্রী ওঠানো নিয়ে পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা বরিশাল শ্রমিক ইউনিয়নের সদস্য নয়ন আহমেদকে পিটিয়ে জখম করে। গতকাল সোমবার পটুয়াখালী প্রান্তের লেবুখালী ফেরিতে এ ঘটনা ঘটলে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে দুই জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হয়। আহত সুপারভাইজারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ জানান, পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা লেবুখালী ফেরিতে বসে রূপাতলী বাস মালিক সমিতির সদস্যকে পেটায়। ওই ঘটনার বিচারের দাবিতে রূপাতলী বাস শ্রমিক ইউনিয়ানের সদস্যরা সকাল সাড়ে ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বরিশালে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।