তারকা ফুটবলারদের দৃষ্টিতে এবারের বিশ্বকাপ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’র সভাপতি কাজী সালাহউদ্দিন নেদারল্যান্ডসের সমর্থক। এটা দেশের সব ফুটবল সমর্থকরাই জানেন। কারণ এই ‘ফুটবল দেশটি’র প্রতি তার আলাদা টান। যে কারণে সেখানকার ফুটবল কোচ এনে জাতীয় দলের দায়িত্ব দিয়েছেন। সালাউদ্দিন বলেন, ‘স্টাইলিস্ট ফুটবল খেলার কারণেই আমি নেদারল্যান্ডসকে পছন্দ করি। আমার প্রিয় খেলোয়াড় জোহান ক্রুইফ।’ তবে পছন্দ দিয়ে তো আর ফেবারিট ঠিক হয় না। তাই আরও অনেকের মতো সালাহউদ্দিনও বলছেন, এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। এটা আসলে যেন সারা দেশেরই তারকা ফুটবলারদের মত। সবাই ফেবারিটের দৌড়ে এগিয়ে রাখছেন এই দুই লাতিন দলকে। বহু তারকার জন্ম দেয়া এবং ছন্দময় ফুটবল খেলার কারণে ব্রাজিলের সমর্থক সাবেক তারকা ফুটবলার সালাম মুর্শেদী। তিনি বলেছেন, ‘ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে। কিন্তু কোন দল এবার চ্যাম্পিয়ন হবে তা বলা কঠিন। ব্রাজিলে আবহাওয়া একটা বড় ব্যাপার।’ সালামের বিবেচনায় অবশ্য ইউরোপের বাকি দলগুলোও রয়েছে। তিনি বলেন, ‘এবারের আসরে জার্মানি হচ্ছে বুলডোজার টিম, পর্তুগালকে ফেলে দেয়া যাবে না। ইটালীর ঐতিহ্য আছে।’ খুলনার ছেলে সালাম মুর্শেদীর মতো একই এলাকার সন্তান সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলামও ব্রাজিলের সমর্থক। কেন ? বললেন, ‘১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ হয়েছিল। তখন থেকেই আমি ব্রাজিলের নান্দনিক ফুটবলের ভক্ত।’ আসলাম নিজের দলকে বলেছেন হট ফেবারিট। সাথে স্পেনকেও রাখছেন। সালাহউদ্দিনের মতো নেদারল্যান্ডেসের সমর্থক খন্দকার ওয়াসিম ইকবাল। কিন্তু এই দলটি চ্যাম্পিয়ন হতে পারবে না বলে জানান তিনি। বললেন, ‘আমার প্রিয় দল নেদারল্যান্ডস স্বচ্ছ ফুটবল খেলবে। কিন্তু ওই (চ্যাম্পিয়ন হওয়া) পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। আবার স্পেনকেও আমি গণনা করি না। জার্মানিকে গণনা করছি। কারণ জার্মানি ধারালো ফুটবল খেলবে।’ ওয়াসিম জানান, ১৯৭৪ বিশ্বকাপ ফুটবল ফাইনালে জার্মানির কাছে হেরে গেলেও বিশ্ব ফুটবলকে ২০ বছর এগিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। তিনি বলেন, ‘৭৪ বিশ্বকাপ অধিনায়ক জোহান ক্রুয়েফকে আমার ভালো লাগত। একজন ভদ্র প্লেয়ার। উনি ঠিক যেন আমাদের আবাহনীর নান্নু ভাই।’ কোন দল চ্যাম্পিয়ন হবে ? ওয়াসিমও পরিষ্কার করে অনুমান করতে পারলেন না। এই সাবেক রাইট উইঙ্গার বলেন, ‘আর্জেন্টিনা ব্যক্তি নির্ভর দল। মেসি ক্লাব টিমের জন্য যতটা বেটার, জাতীয় দলের ক্ষেত্রে সেটা দেখা যায় না। মেসির চেয়ে ব্রাজিলের নেইমার ভালো করবে।’