টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করেছেন। তিনি সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন ও বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন। এরপর বৃষ্টি মাথায় নিয়ে হাইকমিশনার বঙ্গবন্ধুর মূল সমাধিসৌধে প্রবেশ করেন সেখানে বঙ্গবন্ধুর পিতা শেখ লুত্ফর রহমান, মাতা শেখ সায়েরা খাতুন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ঘুরে দেখেন। তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। সেখান থেকে বেরিয়ে রবার্ট গিবসন বৃষ্টির মধ্যেই বঙ্গবন্ধু সমাধিসৌধের বকুলতলা চত্বর, পাবলিক প্লাজা, লাইব্রেরি, সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল এডভাইজার ইজাজুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, ওসি মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সোলায়মান বিশ্বাসসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল মেয়রের সঙ্গে মতবিনিময় বরিশাল অফিস জানায়, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশের সাথে বৃটিশ সরকারের যে সম্পর্কের শুরু তা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য বৃদ্ধি করে ২শ কোটি পাউন্ডে উন্নীত করার চিন্তা আছে সরকারের। বরিশাল সিটি মেয়রের সাথে মতবিনিময় সভায় বৃটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এ কথা বলেন। রবিবার বিসিসির সভাকক্ষে গিবসন আরো বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ থেকে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী বৃটেনে পড়ালেখা করতে যাচ্ছে। বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল এতে সভাপতিত্ব করেন।