ছাত্রলীগ নেতাসহ ১২ ছাত্রকে ছেড়ে দিল পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত দুইটায় তাদের ছেড়ে দেয়া হয়। জানা যায়, সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে হানিফ পরিবহনের তিনটি গাড়ি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে সাভার ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে বিশ্ববিদ্যালয় শাখার উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম জুয়েলসহ ১২ শিক্ষার্থীকে আটক করে। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাত ১০টা পর্যন্ত চাঁদাবাজির অভিযোগে মামলার কথা বললেও রাত দুইটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের চাপে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সমাঝোতার ভিত্তিতে প্রথমবারের মতো তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানিয়েছেন, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি এবং ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে মুচলেকা দিয়ে প্রভোস্টের জিম্মায় তাদের নিয়ে আসা হয়।