তোমাদের জন্য লেখা
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:১৪
মায়াঘর
মায়াঘর একখানি রহস্যমূলক গল্পের বই। বইটি লিখেছেন প্রখ্যাত কথা-সাহিত্যিক ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন ছোটদের জন্য অনেকগুলো বই লিখেছেন এবং বইগুলো শিশু-কিশোরদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এসব বইয়ের মধ্যে কাননে কুসুম কলি, চিতারহস্য, এক যে ছিল টুনী, ভূতগাছ বিশেষভাবে উল্লেখ্য। আলোচ্য ‘মায়াঘর’ গ্রন্থটিতে আছে মোট পাঁচটি গল্প। গল্পগুলো হলো: পাঁচতলার ফ্ল্যাট, সাদা কাক, মায়াঘর, সাপ রহস্য, কে আসে অন্ধকারে। সংকলিত গল্পগুলোর মধ্যে পাঁচতলার ফ্ল্যাট নামক গল্পটি রহস্যে ভরা। এসব রহস্যের কতটুকুইবা আমরা জানি? এই যেমন পাঁচতলার ফ্ল্যাটের রহস্যের কথাই ধরো। আনিস সাহেব একটা ফ্ল্যাট কিনেছেন। ওই ফ্ল্যাটে প্রতি রাতে হানা দেয় এক বুড়ো। বইপাগলা বুড়ো। বুড়োর শোবার ঘরটাকে নিজের বেডরুম হিসেবে বেছে নিয়েছে আনিস সাহেবের ছোট মেয়ে। যদিও ফ্ল্যাটের ইনটেরিয়রের কাজ চলছে। কিন্তু রহস্যময় বুড়োর দেখা মিলেছে। এমনকি আনিস সাহেব নিজেও দেখেছেন। দেখা দিয়েই আবার হাওয়ায় মিলিয়ে যায়।
তারপর সাদা কাকের কথা বলছি। পরীর মতো সুন্দর আফরিন। পড়ে ক্লাস এইটে। ভিকারুননিসা গার্লস স্কুলের ধানমন্ডি শাখায়। খুব সুন্দর ছবি আঁকে। শুধু সুন্দর নয়, জীবন্ত। মনে হয় যেন ওর আঁকা কোনো পাখি এখনই পাখা মেলে উড়াল দেবে। তো আফরিন আঁকল একটা সাদা কাক। কাক কখনো সাদা হয়? তারপর ঘটল মজার ঘটনা।
তারপর সাপ রহস্যের কথা বলা যাক। ঘটনার শুরু একটা স্কুল ব্যাগ থেকে। বনসীমান্ত হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বিলু। একদিন এই বিলুর স্কুল ব্যাগ থেকে ফোঁস করে বেরুলো এক সাপ। হুলস্থুল পড়ে গেল ক্লাসে। ক্লাস টিচার আশুবাবু তো কাঁপতে কাঁপতে ক্লাস থেকে বেরিয়ে গেছেন। কিন্তু বিলুর ব্যাগে সাপ এলো কোত্থেকে? রহস্যটা তো এখানেই।
অন্য গল্পগুলোও এরকম। ‘মায়াঘর’ প্রকাশ করেছে অনন্যা। প্রচ্ছদ ধ্রুব এষের। বইটির মূল্য দুইশত পঞ্চাশ টাকা। গল্পগুলো এমন, শুধু যে তোমাদের ভালো লাগবে তা-ই নয়। যে কোনো রহস্যপ্রিয় মানুষেরই ভালো লাগবে।
আহমেদ রিয়াজ