মানুষের জন্য কাজ করতে চাই

সর্বদা হাসিমাখা একটা মুখ। দেখতে ছোটখাট কালো রংয়ের হলেও নিজের হাসিমাখা দিয়ে জয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবার মন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নানা ধরনের সংগঠনের সাথে জড়িত তাকে চেনেন না এমনটি নয়! তিনি আর কেউ নন তিনি এই বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জাফর সাদিক। নিজের বিভাগসহ সকল বিভাগের প্রিয় মুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি ছিল আলাদা টান। তার কাছে একটা সপ্নের জায়গা ছিল এটা। তাইতো এইচএসসি পাস করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে লেখাপড়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন নানা ধরনের সংগঠনে। একাধারে পাঁচটি সংগঠনে কাজ করেছেন তিনি। আর এই সুবাদে পরিচিত হয়েছেন ক্যাম্পাসের নানা মানুষের সাথে। অর্জন করেছেন অনেক কিছু। ছিলেন বিশ্ববিদ্যালয়ের তুখড় বিতার্কিক। তিনবার জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি ও তার দল। এর পাশাপাশি তিনি জড়িত ছিলেন নানা ধরনের পরিবেশবাদি ও সামাজিক কর্মকাণ্ডে। এই সকল কাজের পাশাপাশি তিনি তার শিক্ষা জীবনের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। বর্তমানে তিনি কাজ করছেন বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির প্রতিবেদক হিসেবে। নৃ-বিজ্ঞানের শিক্ষার্থী হবার পরও তিনি সাংবাদিকতা পেশাকে দারুণভাবে উপভোগ করেন। সাংবাদিকতা পেশায় আশার কারণ জানতে চাইলে তিনি বলেন যেহেতু আমার বিষয় নৃ-বিজ্ঞান যার কাজ মানুষ নিয়ে কাজ করা। তাই সাংবাদিকতাও নৃ-বিজ্ঞানের মত মানুষ নিয়ে কাজ করে। এই পেশায় আশার ইচ্ছা জেগেছে কারণ মানুষের কাছে গিয়ে কাজ করার জন্য। সুযোগ পেলে উন্নয়ন সাংবাদিকতায় কাজ করতে চাই। বাংলাদেশে সাংবাদিকতা বেশ এগিয়েছে তবে উন্নয়ন সাংবাদিকতা কাজ হচ্ছে অনেক কম। তাই আমার ইচ্ছা এমন কাজ করা যাতে মানুষের কাজে আসে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের। সুযোগ পেলে নৃ-বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে অধ্যাপনা পেশায় আসতে চাই। কারণ আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই এই পেশাকে আমি যথার্থ সম্মান করি। শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা আছে আমার।