মাহাথির মোহাম্মদ বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থীকে ২০১১ ও ২০১২ সালের বিবিএ এবং বিএসএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ড. মাহাথির বিন মোহাম্মদ স্কলারশিপ’ দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এসব কৃতি শিক্ষার্থীর হাতে স্কলারশিপের চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন বিনতে ওথমান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিএমসিসিআই)-এর সভাপতি নাসির এ চৌধুরী বক্তব্য রাখেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— লামিয়া মোমেন, মো: রেজোয়ানুল হক মাসুদ (আন্তর্জাতিক সম্পর্ক), মো: রেজাউল ইসলাম, মো: জাহিদুল ইসলাম সরকার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), সাইফুল ইসলাম এবং মৌরি মেহতাজ (ইন্টারন্যাশনাল বিজনেস)।