হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়

আওসাফ তাজওয়ার ১০ম শ্রেণি, রোল নং-১ শতবর্ষ চাঁদপুরের এই বিদ্যাপীঠটি এখনো চাঁদপুরবাসীর মাঝে জ্ঞানের আলো বিতরণ করে আসছে। এখান থেকেই সৃষ্টি হয়েছে বাংলাদেশে অসংখ্য বিশিষ্টজন। অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এই বিদ্যালয়কে এনে দিয়েছে ভুবনজয়ী সুনাম। এই ধারা অব্যাহত রেখে আগামী কয়েক বছরের মধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে মডেল বিদ্যালয় হিসেবে পরিচিত হবে— আমি এই প্রত্যাশাই করি। তামযীদ হোসেন ৯ম শ্রেণি, রোল নং-১, শাখা-ক শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার মান ও ফলাফলের ব্যাপক উন্নয়ন ঘটে। আমিও চাই আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত হোক। আমাদের কোনো ক্যান্টিন নেই। এছাড়া শ্রেণিকক্ষের কিছু ফ্যান-লাইট নষ্ট হয়ে আছে। আমাদের খেলার জন্য বড় কোনো মাঠ নেই। আমি চাই, এসব সমস্যার দ্রুত সমাধান হয়ে বিদ্যালয়টি সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাক। সাইফুল নিয়াজ অষ্টম শ্রেণি, রোল নং-১ বর্তমান যুগে পড়াশোনাই শুধু নয় শিক্ষার্থীর মানসিক বিকাশে সহ-পাঠক্রমিক কার্যক্রমকেও গুরত্ব সহকারে দেখা হয়। আমাদের বিদ্যালয়ে একটি রেড ক্রিসেন্ট ইউনিট, বিএনসিসি দল ও দু’টি স্কাউট দল রয়েছে। আমাদের বিজ্ঞান ক্লাবটি প্রতিবছরই জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। এছাড়াও রয়েছে একটি সাংস্কৃতিক সংঘ যার মাধ্যমে আমরা গান, আবৃত্তি ও বিতর্ক চর্চা করি। সহ-পাঠক্রমিক কার্যক্রমে এই বিদ্যালয়টি জাতীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে আসছে। অরিত্র নাহা সপ্তম শ্রেণি, রোল নং-১ আমাদের বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত ভালো। প্রতি বছরই এই প্রতিষ্ঠানটি ফলাফলে কুমিল্লা বোর্ডের শীর্ষ বিশের তালিকায় স্থান পেয়ে থাকে। অভিভাবকদের সচেতনতা, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিরবচ্ছিন্ন তত্ত্বাবধান আমাদের এই ফলাফল এনে দেয়। এই ফলাফল আরো ভালো করার জন্য আমি চাই আমাদের প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হোক। তাহলে আমরা বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবো। নিয়ামত উল্যাহ মজুমদার ৬ষ্ঠ শ্রেণি, রোল নং-১ আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা খুবই আন্তরিক। তারা নিরলস পরিশ্রম ও চেষ্টা করে থাকেন যাতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। তারা শুধু শিক্ষাদান করেই ক্ষান্ত হন না, তারা চান আমরা খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিকশিত করি। আমাদের একটি পাঠাগার আছে। স্কুলের সামনে একটি ফুলের বাগান চাই। আমি আমার বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই, যাতে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গর্ব করতে পারি।