গল্প নয় সত্যি
অন্যরকম উপহার!
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:৫১
বিশ্বের নানা দেশে আর নানা সংস্কৃতিতে কত ধরনের বিয়ের উপহার দেবারই না চল আছে। তবে প্রথাগত এই সব উপহারের ভিড়ে ব্যারি আর মনিকা গ্যাম্বেল নামের সদ্য বিবাহিত এক জুটির দাবিটা কিন্তু একটু অন্যরকমই ছিল। আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের এই জুটি তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে প্রথাগত উপহারের বাইরে নিজেদের পছন্দ মাফিক একটি উপহারের অনুরোধ জানান। আর এই উপহারটি হলো স্থানীয় ভার্জিনিয়া ব্লাড সার্ভিসের অফিসে উপস্থিত হয়ে এক ব্যাগ রক্ত দেওয়া। এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে ব্যারি বলেন, ‘আমরা এটা বুঝতে পারছিলাম যে, নানা ধরনের প্রথাগত উপহার ভালো একটি বিষয় হলেও এর চেয়ে ভালো উপহার হয় যদি আমদের পরিবারের সদস্য ও বন্ধুরা আমাদেরকে অন্যের জীবন বাঁচাতে সাহায্য করতে পারেন। সব উপহারের চেয়ে সেরা উপহার হলো আমাদের জীবন... এটা একটা টোস্টারের মতো উপহারের চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণও বটে।’ এদিকে তাদের এই ধরনের আহ্বানের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে গিয়ে মনিকা বলেন, ‘আমরা যত জনকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি তাদের সবাই এ সম্পর্কে দারুণ উত্সাহ দেখিয়েছেন। যদিও আমাদের এখানে যারা অতিথি হয়ে এসেছিলেন তাদের সকলের রক্ত দেওয়ার মতো অবস্থা ছিল না। তবে যারা নানা কারণে রক্ত দিতে পারেননি তারাও কিন্তু আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন। কাজেই বলা ভালো যে, আমাদের এই বিয়ের অনুষ্ঠানটি আসলে রক্তদাতা আর রক্ত দানের সমর্থকদের একটা মিলনমেলা ছিল। এদিকে ভার্জিনিয়া ব্লাড সার্ভিস ডোনার সেন্টারের পক্ষ থেকেও ব্যারি-মনিকা জুটির এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষ আয়োজন করা হয়। উত্সবের দিন পুরো সেন্টারটিকে বিয়ের আয়োজনের মতো করে সাজানোর পাশাপাশি উপস্থিত অতিথিদের সাধারণ নাস্তার পাশাপাশি বিশেষ ধরনের ওয়েডিং কেক খেতে দেওয়া হয়। আর সবমিলিয়ে এই আয়োজনের রক্ত দান করেন অর্ধ ডজনের মতো অতিথি।