২৫ কর্মকর্তাকে ফেলোশীপ দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে ২৫ জনকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ফেলোশিপ দেবে অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটি। গত সোমবার অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড ফেলোশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল অস্ট্রেলিয়ান হাইকমিশন ঢাকা’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, তিন সপ্তাহের বেশি সময়ের এ ফেলোশিপে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ান শিক্ষা ও স্বাস্থ্য পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। একইসঙ্গে তারা সরকারি ও বেসরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিদর্শন করার সুযোগ পাবেন। ফেলোশিপ উদ্বোধনী অনুষ্ঠানে ড. গওহর রিজভী ‘উন্নয়নশীল দেশে সুশাসনের চ্যালেঞ্জ ও জন ব্যবস্থাপকের ভূমিকা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।