সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। আক্কেলপুরের পৌর মেয়রের স্ত্রীসহ ২ জন নিহত জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আক্কেলপুর পৌরসভার মেয়রের স্ত্রী ও তার কাজের মেয়ে নিহত হয়েছে। এসময় অন্ততঃ আরো ৩ যাত্রী আহত হয়। নিহতের পরিবার জানায়, গত সোমবার রাতে হানিফ পরিবহনের একটি বাসে করে আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বাদশা তার পরিবারসহ ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের ষোল মাইল নামক স্থানে গাড়িটি নষ্ট হয়। এসময় যাত্রীরা নিচে নামলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী সামিনা চৌধুরী রিপা (৩৮) ও তার কাজের মেয়ে রজনী (১২) নিহত হয়। বিজয়নগরে কলেজ ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরায় গতকাল মঙ্গলবার ট্রাক চাপায় তামান্না আফরিন জান্নাত (২০) নামে কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত ছাত্রী এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষায় অংশ নিতে শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ থেকে বাবার বাড়িতে আসছিল। জান্নাতের স্বামী মোবারক হোসেন এবং এলাকাবাসী জানান, উপজেলার কালাছড়া গ্রামের মোতালেব মিয়ার মেয়ে এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী জান্নাতকে সিলেটগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলকাবাসী প্রায় ১ ঘণ্টা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু গতকাল মঙ্গলবার সকালে বিমান বন্দর রেল স্টেশন এলাকায় ঢাকাগামী ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিমান বন্দর থানা পুলিশ টঙ্গী সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের চাকায় কাটা পড়ে গুরুতর আহত হন। পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।