আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ

বাগেরহাট থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে অটোরাইচ মিলের দুই ম্যানেজারকে ফকিরহাটের ফলতিতা বাজার এলাকায় অপহরণ করে এনে মারপিট করে ১৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুরে শহররক্ষা বাঁধের কেবিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ম্যানেজার প্রভাত সাহা (৩৮) ও অপর ম্যানেজার রুহুল সেখ (৪৪) ব্যাংক থেকে টাকা নিয়ে বিসিক শিল্পনগরীতে ফিরছিলেন। বিকালে অপহরণের শিকার ওই দুই ম্যানেজারকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা বাজার এলাকায় রাস্তার পাশে থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বরকত অটো রাইচমিলের ম্যানেজার রুহুল সেখ জানায়, শহরের পূবালী ব্যাংক থেকে কাজ সেরে ১৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে বাইসাইকেলযোগে ম্যানেজার প্রভাত সাহাকে নিয়ে বিসিকে অবস্থিত মিলে ফিরছিল। পথিমধ্যে শহররক্ষা বাঁধের কেবিবাজার এলাকার প্রিন্স আইস ফাক্টরীর সামনে পৌঁছলে পূর্ব থেকে সেখানে ওত পেতে থাকা একটি ধূসর রংয়ের মাইক্রোতে থাকা অপহরণকারীরা তাদের গতিরোধ করে। এ সময়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দাবি করে ম্যানেজার প্রভাত ও রুহুলকে মাইক্রোতে তুলে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে ফেলে। বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এমদাদ হোসেন পাইক ও মধূসুধন দাসের যৌথ মালিকানায় পরিচালিত বরকর অটোরাইস মিলের দুই ম্যানেজার অপহরণ ও টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর বিকেলে গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়ায় চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন একটি মাইক্রো আটক করে পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আজম খান জানান, এঘটনায় বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।