রাজধানীতে ফরমালিনযুক্ত ফল ধ্বংস
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:০১
বিএসটিআই’র সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করা এবং ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে জব্দকৃত ফল নষ্ট করে ফেলা হয়।
বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশ-এর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করে অবৈধভাবে পণ্য বিক্রি ও বিতরণের অপরাধে রামপুরা এলাকায় স্বপ্ন সুপার শপকে ৭৫ হাজার টাকা, লন্ডন সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে এলিফ্যান্ট রোডের নূর হোসেনের ফলের দোকানকে ৫ হাজার টাকা, হাতিরপুল কাঁচাবাজারের আল্লাহর দান ফুড স্টোরকে ৫ হাজার টাকা, হাতিরপুলের দেশ বিদেশ ফলের দোকানকে ৫ হাজার টাকা, এলিফ্যান্ট রোডের মো. কালু মিয়ার ফলের দোকানকে ৫ হাজার টাকা ও নিউমার্কেট এলাকার ঢাকা ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।