সাবেক সিইসি শামসুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার রুল খারিজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে জানিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। ডেইলি স্টারের ‘নো রুল অব ল’ শিরোনামে একটি প্রতিবেদন আমলে নিয়ে গত ১৮ মে শামসুল হুদাকে তলবের পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল হাইকোর্টে হাজির হন শামসুল হুদা। তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন রুলের জবাব ও বক্তব্যের অনুলিপি আদালতে দাখিল করেন। এরপর ডেইলি স্টারের পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, পত্রিকায় প্রকাশিত আমাদের ওই রিপোর্টটি ভুল ছিল। গত ২৯ মে ‘উই অ্যাপলোজি’ শিরোনামে পত্রিকায় আমরা পাবলিকলি ক্ষমাও চেয়েছি। এ পর্যায়ে আদালত বলেন, এ বিষয়ে সাবধান থাকতে হবে। উনি (ড. শামসুল হুদা) সম্মানিত লোক। এটা উনার জন্য এবং সবার জন্য ক্ষতিকর। পরে আদালত রুল খারিজ করে শামসুল হুদাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। গত ১৭ মে রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন শামসুল হুদা। পরদিন ওই বক্তব্য বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।