সরকারের দিন শেষ হয়ে আসছে
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বর্তমান সরকারের হাতে বেশি সময় নেই। তাদের দিন শেষ হয়ে আসছে। মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম কে আনোয়ার সরকারের উদ্দেশে বলেন, অহংকার পতনের মূল। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অপর এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের কেউ তাকে উন্মাদ, কেউ পাগল বলছেন। তিনি যে তথ্যগুলো দিয়েছেন—তা পড়ার পর যাদের মাথায় গোলমাল হয় তারাই পাগল। তিনি বলেন, সময় তাদের ফুরিয়ে আসছে। ঘরে ঘরে মানুষ অপেক্ষায় আছে, কখন ভোটের সুযোগ আসবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘কটূক্তি ও অশালীন’ বক্তব্যের প্রতিবাদে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ এ সভার আয়োজন করে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক একটি সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারে পেছনে কোনো নেতা-কর্মী নেই। আছে শুধু পুলিশ ও প্রশাসন। তারাই সরকারকে রক্ষা করে চলেছে।