বিজেপি নেতা যশোবন্ত সিনহা কারাগারে

বিজেপির সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহাকে একজন বিদ্যুত্কর্মীর দায়ের করা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে আরো ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খন্ডের হাজারিবাগ জেলার স্থানীয় একটি আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাদের আটক করে। আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে অপারগতা প্রকাশ করায় তাদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। এনডিটিভি জানায়, ঝাড়খন্ড স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ড কর্মকর্তা ধনেশ ঝা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বিদ্যুত্ সংকটের বিরুদ্ধে বিজেপির হাজারিবাগ জেলা ইউনিটের নেতৃত্বে একটি বিক্ষোভের সময় যশোবন্ত সিনহার নির্দেশে ওই কর্মকর্তাকে লাঞ্চনা করা হয় বলে অভিযোগ। যশোবন্ত সিনহা ভারতের মিডিয়ার কাছে সোমবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে ধনেশকে রশি দিয়ে বেঁধে রাখতে তিনি বিজেপির নারী কর্মীদের পরামর্শ দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুত্ সংকটে নারীরাই সবচে বেশি দুর্ভোগের শিকার হয়। তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। একারণে তিনি নারীদের বলেছিলেন ওই কর্মকর্তাকে রশি দিয়ে বাঁধতে। এবং তারা সেটাই করেছিল। ধনেশ ঝা এই ঘটনাকে চরম অপমানজনক হিসেবে অভিযোগ করে মামলা দায়ের করেন।