স্বাধীনতা সংগ্রামে ইত্তেফাক ও মানিক মিয়ার অবদান অপরিসীম
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:১০
জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম নগরীর মোমিন রোডে গত সোমবার অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হায়দার আলী চৌধুরী বলেন, মানিক মিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাগুলো বাংলার ঘরে ঘরে ইত্তেফাকের মাধ্যমে পৌঁছে দিয়ে মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাই ইত্তেফাক ও মানিক মিয়ার ভূমিকা অপরিসীম। বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল উত্তম কুমার আচার্যের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট প্রাবন্ধিক আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এমএ সাত্তার, অ্যাডভোকেট মোরশেদুল করিম, সোহেল মো. ফখরুদ-দীন, নোমান উল্লাহ বাহার, কবি আসিফ ইকবাল, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. বিমল চক্রবর্তী, বাংলাদেশ কবিয়াল সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা ।