বেলকুচিতে ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:১০
সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার চরচালা মহল্লা থেকে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন- উপজেলার কলাগাছি গ্রামের রফিক উদ্দিনের ছেলে এবং বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন, চরচালা মহল্লার জালাল উদ্দিনের ছেলে এবং বেলকুচি পৌর ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, শেরনগর গ্রামের দেলখোশ আলীর ছেলে এবং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহ আলম , চালা মহল্লার সোহরাব আলীর ছেলে শফিকুল ইসলাম।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, সোমবার রাতে এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহলদানকালে চরচালা মহল্লার একটি গলির মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এদেরকে আটক করা হয়। এ সময় এদের নিকট থেকে চাপাতি, কিরিচ ও চাকু উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রেজা জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় শামীম আহম্মদকে সংসদ নির্বাচনের আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই এ ব্যাপারে তার বক্তব্য দেবার কোন অধিকার নেই। তাদের ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে।