বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জাহাঙ্গীর হোসেন সেলিমের নোয়াখালীর সেনবাগের মহিদীপুর গ্রামের বাড়ির সামনে গতকাল মঙ্গলবার সকালে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ফারজানা আক্তার (১২) নামে এক শিশু আহত হয়েছে। তাকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারজানা ওই গ্রামের ইউসুফ আলীর বাড়ির রিকশা চালক বেলাল হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের ফারজানা আক্তার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বাড়ির সামনে সড়কে লাকড়ি কুড়াতে যায়। এসময় সে পরিত্যক্ত ককটেলটি দেখতে পায়। এসময় সে তার হাতে থাকা দা দিয়ে ককটেলটিতে কোপ দিলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে ফারজানার বাম হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। পরে বিচারপতির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ফরজানাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেনবাগ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।