‘সূর্যাস্তের আগে’ তিনি...

ভালো অভিনয় দিয়ে মাহফুজ আহমেদ যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি তার নির্মিত নাটকও জনপ্রিয় হয়ে আসছে। আগামী ঈদের জন্য জনপ্রিয় এই নাট্যাভিনেতা তিনটি এক খণ্ডের নাটক নির্মাণ করছেন। এরমধ্যে এনটিভির জন্য একটি নাটক নির্মাণের কাজ শুরু করেছেন। মাহফুজ আহমেদের বনানীস্থ নিজস্ব অফিসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের নাম ‘সূর্যাস্তের আগে’। এটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করছেন মাহফুজ আহমেদ। এ নাটকে তার বিপরীতে আছেন রিচি সোলায়মান ও মিথিলা। এর আগে রিচি মাহফুজ আহমেদের নির্দেশনায় কাজ করলেও মিথিলা এবারই প্রথম মাহফুজ আহমেদের নির্দেশনায় কাজ করছেন। আজ নাটকটির শুটিং শেষ হবে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘তিনটি ভালো গল্প হাতে এসেছে। তাই ভীষণ কাজের চাপ থাকার পরও তিনটি নাটক দর্শকের জন্য নির্মাণ করব। তারমধ্যে ‘সূর্যাস্তের আগে’ একটি। একেবারেই এই সময়ের গল্প নিয়ে এই নাটক। আমার সাথে অভিনয় করছেন রিচি ও মিথিলা। পারফর্মার হিসেবে তারা কেমন তা নতুন করে বলার কিছু নেই। নির্দেশনার পাশাপাশি আমি নিজেও এতে অভিনয় করছি। আশাকরি দর্শকের নাটকটি অনেক অনেক ভালো লাগবে।’ মাহফুজ আহমেদের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘নকশিকাঁথা’র ব্যানারে নাটকটি নির্মিত হচ্ছে। এদিকে এটিএন বাংলায় মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘মাগো তোমার জন্য’ এবং চ্যানেল আইতে ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ প্রচার হচ্ছে। ইতোমধ্যে অনিমেষ আইচ পরিচালিত মাহফুজ আহমেদ অভিনীত ও প্রযোজিত ‘জিরো ডিগ্রি’ ছবির কাজ সম্পন্ন হয়েছে।