হুমায়ূন আহমেদের অনিল

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের পাঠকপ্রিয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন মোরশেদুল ইসলাম। বেঙ্গল ক্রিয়েশন লিমিটেডের প্রযোজনায় ‘অনিল বাগচীর একদিন’ সিনেমাটির অনিল চরিত্রে অভিনয় করছেন প্রতিভাবান অভিনেতা আরেফ সৈয়দ। নিউ ইয়র্কের স্টেল অ্যাডলার স্টুডিও অব অ্যাক্টিংয়ের মারলেন ব্যান্ডোসহ নেইভার হুড প্লে হাউজে একাডেমিক অ্যাক্টিং ট্রেনিং নিয়েছেন আরেফ দীর্ঘ সময়। এরপর দেশে ফিরে নাটকের দল ‘বটতলা’র সাথে সম্পৃক্ত হয়েছেন। ভিন্ন বক্তব্য ও নির্মাণের প্রতি আগ্রহ থেকেই প্রথম কাজ করেছেন অনিকেত আলমের নির্দেশনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রফেশনালস’-এ। ইতোমধ্যে শর্ট ফিল্মটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০টি দেশে প্রদর্শিত হয়ে নানা সম্মানে ভূষিত হয়েছে। অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক জামিল আলীর পরিচালনায় শর্ট ফিল্ম ‘দ্য গেস্ট’-এ পারফর্ম করে আরেফ লন্ডনে ব্যাপক প্রসংশিত হয়েছিলেন। এ ছবিটি কান ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়ে সম্মান কুড়িয়েছিল। সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ চলচ্চিত্রেও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন আরেফ। বেশ কয়েকটি মানসম্পন্ন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে পারর্ফম করার পর আরেফ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে বলেন, ‘নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তোলার জন্য আমি প্রতিনিয়ত পরিশ্রম ও অধ্যবসায় করে যাচ্ছি। এই চলচ্চিত্রটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ প্রথমত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রয়েছে এখানে, দ্বিতীয়ত অকাল প্রয়াত জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস এবং সবশেষে গুণী নির্মাতা মোরশেদুল ইসলামের মতো পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছি ছবিটিতে ভালো অভিনয় করার জন্য।’ উল্লেখ্য, ‘অনিল বাগচীর একদিন’ সিনেমাটি ইতোমধ্যে ঢাকার আগারগাঁ ও এফডিসিতে শুটিং হয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু হবে নারায়ণগঞ্জ, দিনাজপুর ও মানিকগঞ্জে। আর অন্যান্য চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, ফারহানা মিঠু, মিশা সওদাগরসহ আরও অনেকে।