শেয়ারবাজারে বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে আগ্রহ বেশি

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমূখী হলেও শেষ পর্যন্ত বেশিরভাগ কোম্পানির দর কমে যাওয়ায় সূচক কমে গেছে। এদিকে গতকাল লেনদেন হওয়া ৩৩ ভাগই হয়েছে ৬টি কোম্পানি ঘিরে। অর্থাত্ বড় মূলধনী কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক প্রায় অপরিবর্তিত ছিল। কিছুটা কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসই-৩০ সূচক। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৬০ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিমাসে বৈঠকে বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বুধবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেন, বিএসইসি’র সঙ্গে বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও মাসে একটি বৈঠক করার চিন্তা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ডিএসইর পক্ষ থেকে বিএসইসিকে আহ্বান জানানো হয়েছে। গতকাল বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। বৈঠকে মূলত চারটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে প্রতিমাসে বৈঠক, আইপিও পরবর্তী কোম্পানির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বাজেট নিয়ে আলোচনা হয়েছে।