যখন তখন প্রশ্ন করে
বিদ্ধ করিস কেন?
প্রশ্ন থাকুক সংগোপনে
আর দেখি না যেন।
ছোট মুখে বড় কথা
কে বলেছে বলতে?
বাঁচতে হলে স্রোতের টানে
শিখতে হবে চলতে।
শক্তি ছাড়া ভক্তি কি আর
ভগবানেও পাচ্ছে
শক্তিমূলেই তারই চেলা
শিরনি ও ভোগ খাচ্ছে।
শোন রে বাছা বলছি কথা
চুপটি করে থাক
ন্যায়-নীতি আর আদর্শটা
জাহান্নামে যাক।
সকল কথাই প্রশ্ন তুলে
বিদ্ধ হলে পর
জেনে রাখিস শক্তিহীনের
রুদ্ধ হবেই স্বর।