সেনা পুলিশ ও সরকারি কর্মকর্তাদের আবাসন
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:৪৪
সেনা ও পুলিশ সদস্যদের জন্য দুটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে সরকারি কর্মকর্তাদের জন্যও একটি আবাসন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
বালু এবং শীতলক্ষ্যা নদীর মধ্যবর্তী স্থানে সেনাবাহিনীর জন্য জলসিঁড়ি নামে প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এই প্রকল্পে ৬৬ হাজার পরিবারের আবাসন সুবিধা হবে। এই প্রকল্পটি কী পরিমাণ জায়গা নিয়ে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী। তবে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দুই প্রকল্প হবে ৫০ একর করে ১০০ একর জায়গার ওপর। পুলিশের জন্য পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য প্রত্যাশা নামের এই দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
মন্ত্রী বলেন, সেনাবাহিনী তাদের প্রকল্পে বুয়েটের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম এক্সপার্টদের দিয়ে এড্রেস করছে। তারা বিরাট খাল খনন করে বালু ও শীতলক্ষ্যা নদী সংযোগ করেছে। সরকারি কর্মকর্তাদের জন্য তুরাগ নদীর পাশে আবাসন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, তারা কথা দিয়েছেন তুরাগ নদীর যেন দূষণ না ঘটে তা তারা দেখবেন। প্রত্যেক হাউজিং সিস্টেমেই তারা ইটিপি করেছে। এই ধরনের কাজ শেষ করে যারা আসছেন তাদের প্রকল্পগুলো অনুমোদন দেয়া হচ্ছে।
মন্ত্রী জানান, নীতিগতভাবে অনুমোদিত এই প্রকল্প তিনটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রয়োজন নেই। এসব প্রকল্পে ড্যাব বাধাগ্রস্ত হবে না দাবি করে তিনি বলেন, জনসংখ্যা বাড়ছে, তাই এসব প্রকল্প অনুমোদন না দিলে তাদের বাসস্থানের ব্যবস্থা করা যাবে না। ড্যাপ রিভিউয়ের সভা ঘন ঘন বসার কারণ দেখিয়ে তিনি বলেন, এতে করে কিছু সমস্যারও সমাধান করা হচ্ছে।