বাড়ি নির্মাণের পূর্বশর্ত ইটিপি
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:৪৪
এখন থেকে রাজধানীতে বাড়ি করতে হলেই তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি বসাতে হবে। রিহ্যাব বা ব্যক্তিমালিকানাধীন যাই হোক না কেন সবক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে।
রাজউক এ ব্যাপারে বিজ্ঞাপনও প্রকাশ করবে গণমাধ্যমে। বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা বলেন। গণপূর্ত মন্ত্রণালয়ে ড্যাপ সংশোধন কমিটির বৈঠকের পর মন্ত্রী বলেন, ব্যক্তি মালিকানাধীন বা রিহ্যাবের তৈরি করা হোক বাড়ি নির্মাণ করলেই ইটিপি বসাতে হবে। একটি বাড়ি বা একাধিক বাড়ির জন্য একটি পয়েন্ট করে ইটিপি বসাতে পারবে বাড়ি নির্মাতারা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানকে বলা হয়েছে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে। এখন থেকে প্ল্যান পাস করতে হলে এ শর্ত মানতে হবে।